ভোক্তা পর্যায়ে বেসরকারিভাবে সরবরাহকৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ১ হাজার ৫৯৮ করা হয়েছে। যা গত জুলাই মাসে ছিল ১ হাজার ৫২৮ টাকা। এর ফলে ১২ কেজি সিলিন্ডারে চলতি মাসে ৭০ টাকা দাম বেড়েছে। অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৭৪ টাকা ৪০ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬ টার পর থেকে কার্যকর হবে। টানা কয়েক মাস বৃদ্ধির পরে গত মাসে ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল। তবে এক মাসের ব্যবধানে আবার বাড়ানো হয়েছে।
১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়। এরপর জুনে ১২ কেজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমিয়ে ৮৬ দশমিক ৯৩ টাকা নির্ধারণ করা হয়।
২০২১ সালের ১২ এপ্রিলে প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করা হয়।










