মন্ত্রিসভায় আরো চারজন যুক্ত হচ্ছেন। এর মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ সন্ধ্যায়। এরপরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছে বিএনপি সূত্র। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার (লিংকন)।

নতুন মন্ত্রীর তালিকায় নাম থাকা আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য।

অন্যদিকে আন্দালিব রহমান পার্থ বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেয়ার পর গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত মন্ত্রীসভার প্রথম বৈঠকে কাজের মূল্যায়নের বিষয়টি তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বৈঠক সূত্রে জানা যায়, সরকারের প্রথম ছয় মাসের কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এদিকে গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত এ সংসদ সদস্য প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে পদত্যাগের আবেদন করেন। এর পরই মূলত শূন্য হয়ে যায় মন্ত্রীর পদটি। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেন দীপেন দেওয়ান। মোট ৩ মাস ১৫ দিন ধরে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।