নিয়োগ করা বহিঃনিরীক্ষক একই ব্যাংকের রফতানি প্রণোদনার আবেদনপত্র নিরীক্ষা করতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের বিধান রেখে গতকাল ‘ব্যাংক কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা ২০২৪’  জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিধিমালা ২০২৫ নিরীক্ষা বছর থেকে কার্যকর হবে। তবে যেসব ব্যাংকের হিসাব বছর জুলাই থেকে শুরু হয়, তাদের ক্ষেত্রে এটি ২০২৫-২৬ হিসাব বছর থেকে কার্যকর হবে।

বিধিমালায় বলা হয়েছে, বহিঃনিরীক্ষক হিসেবে কোনো ব্যাংকে নিয়োজিত নিরীক্ষক একই ব্যাংকে রফতানি প্রণোদনা বা রফতানি ভর্তুকি বা নগদ সহায়তার আবেদনপত্র নিরীক্ষা করতে পারবে না। এক্ষেত্রে নিরীক্ষক নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রযোজ্য হবে। ব্যাংকের বহিঃনিরীক্ষকের মেয়াদের বিষয়ে বিধিমালায় বলা হয়েছে, একই বহিঃনিরীক্ষককে একই ব্যাংকে একটানা তিন বছরের বেশি সময়ের জন্য নিয়োগ করা যাবে না। এ সময়সীমা শেষ হওয়ার পর অথবা মধ্যবর্তী সময়ে বহিঃনিরীক্ষককে একই ব্যাংকে পুনরায় নিয়োগ করা না হলে আলোচ্য বহিঃনিরীক্ষক সংশ্লিষ্ট ব্যাংকে পরবর্তী কমপক্ষে তিন বছরের জন্য বহিঃনিরীক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ও তালিকাভুক্ত বহিঃনিরীক্ষকদের মধ্য থেকে বার্ষিক সাধারণ সভার (বিদেশী ব্যাংকের ক্ষেত্রে স্থানীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ) মাধ্যমে সব ব্যাংককে প্রতি বছর বহিঃনিরীক্ষক নির্বাচন করতে হবে। অবিলম্বে এ নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির জন্য আবেদন করতে হবে। ব্যাংকগুলো নিরীক্ষাধীন হিসাব বছরের অষ্টম মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিসহ বহিঃনিরীক্ষক নিয়োগের সব প্রক্রিয়া শেষ করবে। আলোচ্য বিধিমালা যথাযথভাবে পরিপালনের শর্ত উল্লেখ করে ব্যাংকের পক্ষ থেকে বহিঃনিরীক্ষককে নিয়োগপত্র দেবে। নিরীক্ষা কার্যক্রম যথাসময়ে শেষ করার স্বার্থে বহিঃনিরীক্ষককে প্রয়োজনীয় সব তথ্য ও দলিলা সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করবে ব্যাংক।