উন্নয়ন বৈষম্য দূর করার দাবিতে রোববার সিলেট নগরে অবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়েছে। ওইদিন বেলা ১১টায় সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। সিলেটের ন্যায্য দাবি আদায়ে গঠিত সংগঠন সিলেট আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। সভায় বলা হয়, উন্নয়নের ক্ষেত্রে সিলেট বঞ্চনার শিকার। এ বিভাগের উন্নয়ন বৈষম্য দূর করতে নগরীর কোর্ট পয়েন্টে ১২ অক্টোবরের সমাবেশ থেকে ১৫ দিনের আলটিমেটাম দেয়া হয়। এরই মধ্যে আলটিমেটামের সময়সীমা শেষ হলেও দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

আরিফুল হক চৌধুরী কর্মসূচি ঘোষণা করে গতকাল জুমার বয়ানে বিষয়টি তুলে ধরতে সিলেট অঞ্চলের ইমামদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডার দায়িত্বশীলদেরও দাবিটি তুলে ধরার আহ্বান জানান। এছাড়া আজ সন্ধ্যায় হজরত শাহজালাল (র.) দরগাহ চত্বর থেকে কর্মসূচির সমর্থনে একটি মশাল মিছিল বের করার সিদ্ধান্ত হয়েছে।

আরিফুল হক চৌধুরী সভায় জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে সিলেট সবচেয়ে পিছিয়ে। ২০২১ সালে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নের জন্য ২৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছিল। কিন্তু স্থানীয় সরকার সচিব ফের প্রকল্পটির ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরি করার নির্দেশনা দিয়েছেন। বাদাঘাটে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনেরও তেমন অগ্রগতি নেই। এ অবস্থায় আগামী রমজানে সিলেটে পানির জন্য হাহাকার তৈরি হতে পারে।