বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের বাখরকাঠি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ বছরের এক শিশুসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলার চালক মো. সাইদুল ইসলাম (৪০) ও থ্রি ‍হুইলারের যাত্রী একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের ৪ বছরের শিশু সন্তান জায়ান।

এছাড়া এ দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু (৩), তার স্ত্রীসহ হাফেজ মিজান (৪৫) ও কাওসার (৩২) নামে মোট চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর এখন পর্যন্ত তাদের কাছে রয়েছে। আর যে দুজন নিহত হয়েছে তাদের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

তিনি বলেন, সকাল ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম হতাহতদের বরাতে জানান, নিহত জায়ান ও তার পরিবারের আহত সদস্যরা অপর নিহত মো. সাইদুল ইসলামের থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে জায়ানের মায়ের অবস্থা সংকটাপন্ন। এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ওয়ার্ড মাস্টার।