রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সমাবর্তনসহ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন উপাচার্য। তিনি বলেন, ‘২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের আয়োজন করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।’
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স বা অনার্স-মাস্টার্স উভয় কোর্স সম্পন্ন হয়েছে, তারাও অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, যিনি জানান, ‘আগামী ১২ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হবে।’










