দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ‘ভবিষ্যতে খাদ্য নিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। এরই মধ্যে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আমরা আশাবাদী লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তবে ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণক্ষমতা কিছুটা কম। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’

গতকাল দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চলতি মৌসুমের বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় খাদ্য উপদেষ্টা বলেন, ‘চলতি মৌসুমে ১৪ লাখ টন চাল এবং সাড়ে তিন লাখ টন ধান কেনা হবে। এবার ভালো ফসল হয়েছে, আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ১৫ লাখ টন খাদ্য মজুদ রয়েছে, যা গত বছরের তুলনায় তিন লাখ টন বেশি। তবে সন্তোষজনক অবস্থা সবসময় ঠিক রাখা যায় না। এটা ক্রমাগত খরচ হচ্ছে, আবার যোগ হচ্ছে।’

আমদানি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রয়োজনমতো খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করছি। গত বছরও আমদানি করতে হয়েছে। তবে বোরোর মতো আমনের ফলনও যদি ভালো হয়, তাহলে এবার আর চাল আমদানি করতে হবে না।’