বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অধীনে সম্পন্ন বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করা ভীষণ কঠিন বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তিনি বলেছেন, ‘প্রশ্ন এককভাবে কেউ করে না, অনেক জনের সমন্বয়ে এটি করা হয়। প্রশ্নফাঁস করলে ছয় সেট ফাঁস করতে হবে। ছয় সেট মানে এক হাজার ২০০ প্রশ্ন। লটারিতে ছয় সেট থেকে কোনো একটা সেট আসে। কোনটা আসবে, সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না।’

মঙ্গলবার ( ৯ জুলাই)  দুপুরে আগারগাঁও কর্ম কমিশন ভবনে প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. সোহরাব হোসাইন এ সব কথা বলেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, ‘সব সেট প্রশ্ন ফাঁস হয়েছে, সেটাও আমি বলতে পারব না। আবার সব প্রশ্নফাঁস হয়নি, সেটাও আমি বলতে পারব না। তদন্তের আগে কিছুই বলা সম্ভব না। যদি (প্রশ্নফাঁস) হয়েও থাকে, তাহলে আমরা কাউকে ছাড়ব না। এমনকি আমারও যদি কোনো সংশ্লিষ্টতা থাকে, তাহলে আমিও শাস্তির বাইরে যাব না।’

তিনি বলেন, ‘গত ১২ বছরে বহু পরীক্ষা হয়েছে। যখনই কোনো পরীক্ষা হয়, তখন সেখানে কোনো অনিয়ম হলে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে হোক বা পরীক্ষার্থীদের মাধ্যমে হোক, বা বিভিন্নভাবে (অভিযোগ) আসে। ১২ বছর আগের পরীক্ষা নিয়ে এতদিন পরে প্রমাণ কীভাবে হবে? তবে, পিএসসির এখতিয়ারভুক্ত বিষয়ে কোনো অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে, তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নেবে।’

এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

 ১২ বছর আগের প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি কাজ করবে জানিয়ে মো. সোহরাব হোসাইন বলেন, ‘পরিপূর্ণ বিষয়টিই আমাদের তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের প্রতিবেদনে পরিপূর্ণ বিষয়টি আনা হচ্ছে হুবহু কোট-আনকোট করে।’