ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে ৬০, ৬১ ও ৬২তম ব্যাচের মোট ৫ হাজার ৯৬৯ জন গ্র্যাজুয়েট অংশ নেবেন।
সমাবর্তনে সভাপতি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং সমাবর্তন বক্তা থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
সমাবর্তন সামনে রেখে গত সপ্তাহের শুরু থেকেই চলছে নানা সংস্কার কাজ। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংস্কার, গুরুত্বপূর্ণ সড়ক মেরামত, গাছে চুনের প্রলেপ ও প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় রঙ করা হয়েছে। এ ছাড়া শহীদ মিনার প্রাঙ্গণ, প্রধান ফটক থেকে স্টেডিয়ামসহ বিভিন্ন সড়কে আঁকা হয়েছে আলপনা। প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, সিনেট ভবন, মিলনায়তন ও স্টেডিয়াম এলাকায় লাগানো হয়েছে রঙিন জোনাকি বাতি। সড়কের মোড়ে মোড়ে দেয়া হয়েছে দিকনির্দেশনা, লাগানো হয়েছে পতাকা।বিশ্ববিদ্যালয়ের প্রধান, বিনোদপুর ও কাজলা ফটকে নতুন তোরণ স্থাপন করা হয়েছে।
দ্বাদশ সমাবর্তনের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৮টায়। অতিথি ও গ্রাজুয়েটদের আসন গ্রহণ, শোভাযাত্রা, স্বাগত বক্তব্য, ডিগ্রি উপস্থাপন ও গ্রহণ, শুভেচ্ছা ও সমাবর্তন বক্তব্য শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। দুপুর আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দ্বাদশ সমাবর্তনের আনুষ্ঠানিক পর্ব।
সমাবর্তনের আয়োজন ও নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেসব জায়গায় সামান্য ঘাটতি আছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রক্টরিয়াল টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।










