দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

আজ রোববার (১৮ জানুয়ারি) বিকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট-এ আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন দেশের নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব উন্নয়নে আগ্রহী বিভিন্ন সামাজিক ও শিক্ষাবিদ প্রতিনিধি।

জাইমা রহমান বলেন, যারা এখানে উপস্থিত সবাই একরকম নন। সবার আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আলাদা। তারপরও সবাই একসঙ্গে বসে আলোচনা করছেন, কারণ সবাই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভাবছেন। এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলা ও পরস্পরের কথা শোনা গণতন্ত্রের আসল সৌন্দর্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এটি বাংলাদেশের পলিসি লেভেলে তার প্রথম বক্তব্য। তার কাছে সব প্রশ্নের উত্তর নেই বা সব সমস্যার সমাধান জানা নেই উল্লেখ করে জাইমা রহমান বলেন, তবুও নিজের ছোট জায়গা থেকেও সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।