দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনে হঠাৎ করে নেটওয়ার্ক বিভ্রাটের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরের পর থেকে গ্রাহক কিছু সময়ের জন্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিলেন। পরে বিকালে এ সমস্যার সমাধান হয়। গ্রামীণফোনের পক্ষ থেকে সমস্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। 

গতকাল দুপুরের পর থেকে গ্রামীণফোন ব্যবহারকারী গ্রাহকের অনেকেই ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলেন না। এ সময় ভয়েস কল, ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ হয়ে যায়। 

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘কারিগরি সমস্যার কারণে কিছুসংখ্যক গ্রাহক কল ও ইন্টারনেট সেবা ব্যবহার করতে কিছুটা সমস্যায় পড়েন, যা এরই মধ্যে সমাধান করা হয়েছে। এ অসুবিধার জন্য অপারেটরটি দুঃখ প্রকাশ করেছে।’

গত বছরের সেপ্টেম্বরে কারিগরি সমস্যার কারণে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট ঘটেছিল। এর আগে একই বছরের ফেব্রুয়ারিতে ফাইবার অপটিক কেবল কাটা পড়ায় ২ ঘণ্টা গ্রামীণফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল।