দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র মো. আহসান হাবিব কামালসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মেয়র মো. আহসান হাবিব কামাল ও বরিশাল নগরীর কালিবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেনকে কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

গতকাল বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার।

আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে বলেন, ১৯৯৫-৯৬ সালে বরিশাল টিঅ্যান্ডটির ভূগর্ভস্থ কেবল স্থাপনের সময় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে পৌরসভা কর্তৃপক্ষকে ৪৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু টেন্ডার আহ্বান ও রাস্তার কাজ না করেই হাই ইয়ং নামে একটি কথিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে চারটি চেকের মাধ্যমে ৩৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন আসামিরা। বাস্তবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন।

এ ঘটনায় ২০১০ সালের ১১ অক্টোবর জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. আব্দুল বাসেত বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।