বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকালে ক্যাম্পাসের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবারের হামলার প্রতিবাদে ‘কুমিল্লায় হামলা কেন? প্রশাসন বিচার চাই’, ‘চট্টগ্রামে হামলা কেন, প্রশাসন বিচার চাই’, ‘জবির গেটে তালা কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা ঢাকা ও ঢাকার বাইরে ব্লকেড করেছি। কোটার যৌক্তিক সংস্কার আমাদের লাগবে। এজন্য আমরা আন্দোলন শুরু করেছি। কিন্তু গতকাল শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায় আমাদের ভাইদের ওপর পুলিশ হামলা করেছে। এভাবে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।










