জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘স্মার্ট ও আধুনিক জাতি গঠনে গণিত জানার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষণা ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের অবশ্যই গণিত জানার প্রতি আগ্রহ বাড়াতে হবে।’ গতকাল সকালে গাংনী ডিগ্রি কলেজে গাংনী গণিত পরিবার আয়োজিত মেহেরপুর গণিত উৎসব ২০২৩ ও শিক্ষা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, ‘জীবনে কী হতে চাও, কোথায় যেতে চাও, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে গণিত জানার কোনো বিকল্প নেই। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলেও গণিতের ওপর দক্ষতা থাকতে হবে। আগামী প্রজন্মকে বিজ্ঞানমুখী করার লক্ষ্যে এ ধরনের আয়োজন আরো বেশি বেশি করার দরকার।’

সংগঠনের সভাপতি সাইফ হাসান কৌশিকের সভাপতিত্বে ও গাংনী গণিত পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবির শাফি বিন্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী।