বেইলি ব্রিজের পাটাতন ভেঙে হবিগঞ্জ সদরের সঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সকালে পাথরবোঝাই একটি ট্রাক রত্না নদীর বেইলি ব্রিজ অতিক্রম করার সময় পাটাতন ভেঙে পড়ে। এ সময় ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকা পড়ে।

বানিয়াচং থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ট্রাকটি উদ্ধারের জন্য রেকার আনা হয়েছে। সকাল ১০টা থেকে এ রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসী জানায়, ব্রিজটি যানবাহনের চাপে দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে এটি চালু রেখেছিল। সুনামগঞ্জের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজনও এ সড়ক ব্যবহার করেন। পাঁচ লক্ষাধিক মানুষ এখন ফেরিতে করে দ্বিগুণ সময় ও অর্থ ব্যয় করে যাতায়াত করছে। দুই পারে আটকে থাকা যাত্রী ও যানবাহন নদীপথে পার করা হয়েছে। রত্না নদীতে অস্থায়ীভাবে ফেরি চালু করা হয়েছে। তবে একটি সাইকেল পার করতেই ৫০ টাকা দিতে হচ্ছে। পণ্যের ক্ষেত্রে ওজন অনুযায়ী ভাড়া নেয়া হচ্ছে। সময়ও দ্বিগুণ লাগছে। সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা দুই ধাপে ভাড়া দিচ্ছেন। সেতুর মাঝখানের পাটাতন দেবে গেছে। সেখানে হাঁটারও সুযোগ নেই। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা ট্রাকের মাল সরিয়ে সেতু মেরামতের চেষ্টা করছেন।

সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, গতকাল সকাল ৮টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বানিয়াচং উপজেলা সদরে যাচ্ছিল। ট্রাকের ভারে ব্রিজটি ভেঙে পড়ে। এতে ব্রিজের পাঁচটি ব্রেকার ও দুটি ট্রানজিন নষ্ট হয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এখন ব্রিজের মেরামত কাজ চলছে।