চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা ৩০০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করা হয়।

এ সময় ট্রাকচালককেও আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়। আটক ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে ৩০০ বস্তা সারভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে। সারগুলো মিয়ানমারে পাচারের জন্য আনা হয়েছিল। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।