বগুড়া পুলিশ লাইনে বন্দিশালা পাওয়া গেছে বলে দাবি করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কমিশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নূর খান জানান, এ বন্দিশালায় বিভিন্ন জায়গা থেকে বন্দিদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। এ ঘটনা প্রকাশের পর থেকে বগুড়ায় তোলপাড় শুরু হয়েছে। কারা কীভাবে এ গুমঘর তৈরি করেছিল তা নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

নূর খান বলেন, ‘বগুড়া পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরো পাব। এসব গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে। সম্ভবত গত ১০-১২ বছরের মতো। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দিদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে।’