ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। রোববার ( ৬ এপ্রিল) থেকে খুলেছে অফিস-আদালত। ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরতে শুরু করেছে তার চিরচেনা রূপে।
রাজধানীর সড়কে বেড়েছে কর্মচঞ্চল মানুষের পদচারণা। সড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট।
রাজধানীর মতিঝিল, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বাড্ডা, শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে ও গুগল ম্যাপের সহযোগিতায় পরিবহন বৃদ্ধি ও কোথাও কোথাও যানজট দেখা গেছে। সকাল সাড়ে ৮টার পর থেকে সড়কে গণপরিবহনের উপস্থিতি সীমিত থাকায় অফিসগামী মানুষের উপচে পড়া ভিড় ছিল। সে সময় যানজটের দেখা না মিললেও বেলা বাড়তেই শুরু হয় পরিবহনের চাপ।
কর্মব্যস্ত মানুষ সকাল থেকেই এসে ভিড় করতে শুরু করেন বাসস্ট্যান্ডগুলোতে। কেউ কেউ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন, কেউবা আবার সুযোগ পেলে উঠে পড়ছেন। সব বাসেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বাসে তিল ধারণের ঠাঁই ছিল না।
রাজধানীর গণপরিবহন মালিক ও শ্রমিকেরা জানান, ঈদের ছুটির সময় তারা যাত্রী পাননি। অধিকাংশ গাড়িই বসা ছিল। গতকাল থেকে কিছু এবং আজ থেকে তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।










