নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ আট জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোরে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান (৩৫)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। দগ্ধদের নাম পরিচয় জানা হচ্ছে।

দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি আরো জানান, আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।