মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক সহকারী প্রকৌশলী ও এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) বেলা পৌনে ১১টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান (৩৫) ও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন (১৮)।

মাহফুজুর রহমান মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে। আর আকমল হোসেন সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাবু মীরের ছেলে। লেখাপড়ার কারণে তিনি মেহেরপুর শহরের শেখ পাড়ায় নানাবাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনীতে অফিসের উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন প্রকৌশলী মাহফুজুর রহমান। এ সময় বিপরীত দিক থেকে শহরের দিকে যাচ্ছিলেন শিক্ষার্থী আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।