বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান পদত্যাগ করছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি বণিক বার্তাকে জানান, তিনি তিন পৃষ্ঠার পদত্যাগপত্র দিয়েছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন- সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তার নিয়োগের মেয়াদ ছিল চার বছর। সেই মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন তিনি।
এর আগে গত ১৬ মার্চ ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন অধ্যাপক এস এম এ ফায়েজ। এরপর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক মামুন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।










