কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে গিয়েছিল মিয়ানমারের নৌবাহিনী। পরে ১০ ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে কিছু ট্রলার মাছ ধরছিল। একপর্যায়ে ছয়টি ট্রলার মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে দেশটির নৌবাহিনী জেলেদের ধরে নিয়ে যায়। পরে মিয়ানমারের নৌবাহিনী ট্রলার থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে আটক জেলেদের ছেড়ে দেয়া হয়। এরপর জেলেরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

উল্লেখ্য, ট্রলারগুলোর মালিকরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম ও মো. শফিক। মো. শফিকের দুটি ট্রলার ছিল।