কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত দুইজনের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— গরু ব্যবসায়ী আরমান (৫৫) ও মোটরসাইকেল আরোহী সজীব আহম্মেদ (২৫)।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদের মৃত্যু হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।










