বাংলাদেশ পুলিশের ৪০তম সাব ইন্সপেক্টর ও
২৬ তম সার্জেন্ট নিয়োগ পরিক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত হয়েছেন প্রায় ৮০
প্রার্থী। নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন তারা।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সচিবালয় প্রাঙ্গণে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা। আন্দোলনের এক পর্যায়ে
নিয়োগ বঞ্চিতদের ৪ সদস্যের একটি টিম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর
সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন। এ সময় তারা দ্রুত নিয়োগের দাবি জানালে স্বরাষ্ট্র
উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন। পরে তারা আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করেন।
বক্তারা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা,
মাঠ পরিক্ষা, লিখিত পরিক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভা পরিক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে
সুপারিশপ্রাপ্ত হলেও অজানা কারণে তাদেরকে ট্রেনিং এ পাঠানো হয়নি। এজন্য রাজনৈতিক প্রতিহিংসাকে
দায়ী করেন তারা। বলেন, এতোদিন পুলিশ সদরদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার
যোগাযোগ করা হলেও আমাদের নিয়োগ দেয়া হয়নি বরং বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে।
তারা আরো বলেন, আমাদের বঞ্চিত করে সাংবিধানিক
ও মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ন করা হচ্ছে। অতিদ্রুত আমাদের নিয়োগের দাবি জানাই।
নিয়োগের প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত আমরা আন্দোলন
চালিয়ে যাব।








