ফরিদপুরে সড়কের কাজে ব্যবহৃত পাথর, পিচ ও গ্রিন অয়েলমিক্সারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে প্লান্টের মালামাল পুড়ে যায়। এতে আল-আমিন ও মোকসেদ নামে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, শহরের বাইপাস সড়কের ব্রাহ্মানান্দা এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহিদ মোটরস সড়কের কাজের জন্য মিক্সার প্লান্ট স্থাপন করে। সেখানে পাথর, পিচ ও গ্রিন অয়েল দিয়ে মিক্সিং করে সড়ক সংস্কারকাজ করা হয়। মিক্সার মেশিনের একটি ইউনিট থেকে আগুন লাগে। মেশিনের বিভিন্ন অংশে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মোটরের অতিরিক্ত ঘর্ষণ ও দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।