বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয়ে
হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল থেকে রাজধানীর মতিঝিলে
অবস্থিত আইডিআরএর প্রধান কার্যালয়ের সামনে বিভিন্ন বীমা কোম্পানির কর্মীরা সংস্থাটির
চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করছিলেন। সন্ধ্যার দিকে
সংস্থাটির কার্যালয়ে ঢুকে ভাংচুর চালানো হয়েছে বলে জানা গেছে। এতে আইডিআরএর দুজন কর্মকর্তা
আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএর সদস্য মো. দলিল উদ্দিন বণিক বার্তাকে
বলেন, আমাদের কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। কাচের গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ
করেছে। আমাদের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
উপস্থিত হয়েছে।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতজন কর্মী আহত হয়েছে জানতে চাইলে
তিনি বলেন, এখনই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। বিক্ষোভকারীরা এখনো সেখানে অবস্থান
করছে।








