চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাসের সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে গেছে। বিতরণ কোম্পানি তিতাস ও বাখরাবাদ গ্যাস কোম্পানি এসব এলাকায় গ্যাস সরবরাহ করে। গতকাল জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে তিতাস ও বাখরাবাদ এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তিতাস ও বাখরাবাদ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গত ২৭ মে থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে একটি টার্মিনালের। এতে স্বাভাবিক সময়ের তুলনায় জাতীয় গ্রিডে এলএনজির সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে গেছে। শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতে গ্যাসের সরবরাহ সংকট চলছে। চলমান গ্যাস সংকটের মধ্যে আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাসের সংকট আরো বাড়বে।