ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ট্রাক এবং মাইক্রোবাসের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। হতাহত ব্যক্তিদের মাঝে নিহত ব্যক্তিসহ ২ জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লালপোল ক্রসিং এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে বাকি ৮ জনকে হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন— ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামের শিপনের ছেলে মেহেদী হাসান (২০), আলমগীরের ছেলে মো. হাসান (২০), লক্ষীপুরের রামগতি উপজেলার পূর্বচল কলাকোবা গ্রামের হাসেমের ছেলে মো. শাকিল (২৪), নোয়াখালীর কবিরহাট উপজেলার ললুয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ইবরাহিম (২৫), মাইজদী উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে রাকিব (২৫), চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরা গ্রামের এসকান্দর নেয়ামত উল্লাহর ছেলে মাহফুজ (৩০) ও আমজাদ হোসেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ বলেন, দূর্ঘটনায় কবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।















