ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের খালি ড্রাম বিস্ফোরণে রায়হান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লোকনাথ দাস (২৪) নামে একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার লালপুর বাজারের লোকনাথ ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডকইয়ার্ড ওয়ার্কশপে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লোকনাথ দাস তার ওয়ার্কশপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ ছিল। দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামটির ভেতরে গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রাইন্ডার লাগানোর সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় রায়হান প্লেনশিট নিয়ে লোকনাথের ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে রায়হানের মাথায় আঘাত লাগে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আশুগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম চৌধুরী জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।