চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শিশু ও একজন নারীসহ তিনজন মারা গেছেন। শুক্রবার (৭ জুন) দুপুরের পর দুর্ঘটনাগুলো ঘটে।

 

নিহতরা হলেন, শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা গ্রামের ববি বোকত (৩৫), একই উপজেলার পাঁকা ইউনয়নের মধ্যচর গ্রামের কবিতা খাতুন (১১) এবং ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার আমেনা খাতুন (১০)। 

 

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় ববি বজ্রপাতে আহত হন। পরে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এছাড়া শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টারের পাড়ায় নিজ বাড়িতে গোসল করার সময় বজ্রপাতে মারা যায় কবিতা খাতুন।


অপর ঘটনায় বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে আহত হয় আমেনা খাতুন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভোলাহাটে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এবং ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার তাদের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন পুলিশ কর্মতকর্তারা।