বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান শিল্পী আসিফ আকবর বলেছেন, দেশের সব জেলায় আলাদা করে জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। তিনি জানান, প্রতিটি জেলায় শিগগিরই ক্রিকেট লিগও শুরু হবে।
আজ বুধবার (১৯ নভেম্বর) পঞ্চগড় স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে আলাদা ক্রিকেট সংস্থা করার পরিকল্পনা করা হয়েছে।
আসিফ আকবর বলেন, ক্রীড়া অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জাম আনা হয়, সেগুলো খেলার জন্য উপযোগী নয়। এ বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। তিনি জানান, ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে মাদ্রাসা থেকেই ক্রিকেটাররা জাতীয় দলে এসেছে। সুতরাং তারা প্রতিটি বাচ্চাকে মেইনস্ট্রিমে নিয়ে আসবেন। এ ব্যাপারে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট দশ বছর ধরে চললেও এর সঠিক ফল পাওয়া যায়নি। এবার টুর্নামেন্টকে নতুনভাবে সাজানো হয়েছে। প্রথমবারের মতো স্কুল ক্রিকেটারদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে।
আসিফ আকবর বলেন, দেশে প্রায় ২৩ লাখ তরুণ মাদকাসক্ত। এছাড়া প্রায় দেড় কোটি মানুষ দেশের বাইরে, তাদের পরিবার সংকটে আছে। প্রায় ৫ কোটি মানুষ নিষ্ক্রিয়। তিনি জানান, তাদের লক্ষ্য হচ্ছে চতুর্থ শ্রেণি থেকেই শিশুদের ক্রিকেটে যুক্ত করা এবং যেকোনো পরিস্থিতিতে বছরে ৮ মাস ক্রিকেট চালু রাখা। একইসঙ্গে মেয়েদের জন্যও ক্রিকেটে বিশেষ সুযোগ রাখার কথা জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, বিসিবির আম্পায়ার সাকির। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার মেম্বার সেক্রেটারি আবুল হাসেম। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার, আম্পায়াররাও বক্তব্য রাখেন।










