দেশের জ্বালানি সংকট মোকাবেলায় পরামর্শ দিতে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ১০ সদস্যের কমিটির জন্য পাঁচজনের নাম ঘোষণা করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় প্রস্তাব আমলে নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
১০ সদস্যের ওই কমিটির জন্য বিরোধী দলের পাঁচ সদস্য হলেন— সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।
এদিন সংসদ অধিবেশনে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে ৫ জন করে সদস্য থাকবেন।
এরপরই বিএনপির পক্ষ থেকে এ কমিটির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষীপুর-৪ এর সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ এর সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নাম ঘোষণা করা হয়।










