চাঁপাইনবাবগঞ্জে একদিনে তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজার, পঞ্চগড়, চাঁদপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আরো আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) এবং বড়গাছি বাজারপাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, বেলা আড়াইটার দিকে তেঁতুলতলা এলাকায় একটি ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলচালক আশিক ও তার সঙ্গী আবুল ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। পরে আবুলও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া ভোলাহাটে রাস্তা পার হওয়ার সময় ট্রলিচাপায় হাসান নামে এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে দুপুরে শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় বাসেদ আলী নামে একজন নিহত হয়েছেন।
কক্সবাজার: টেকনাফে মাছ বোঝাই মিনি ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা ২টায় হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক ফারুক (৩০) ও যাত্রী ইমান হোসেন (২৫)। তাদের মধ্যে ফারুক হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মো. সেলিমের ছেলে ও ইমান হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মো. সৈয়দ নুরের ছেলে।
পঞ্চগড়: ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা আক্তারের বাড়ি দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া গ্রামে। তিনি দেবীগঞ্জ পারফেক্ট একাডেমি নামে একটি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ছিলেন।
চাঁদপুর: বাসচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পশ্চিম বাজারের আরিবাড়ি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। নিহত মাহফুজ হোসেন মহামায়া বাজার মসজিদের খাদেম মোহাম্মদ মাঈনুল পাটওয়ারীর ছেলে।
গাজীপুর: জেলার শ্রীপুরে পিকআপের সঙ্গে ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। গতকাল দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় জানা যায়নি।
মুন্সিগঞ্জ: শ্রীনগরে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়দা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়দা বেগম উপজেলার বাড়ৈখালী শিবরামপুর গ্রামের এখলাছ উদ্দিনের স্ত্রী।
সাতক্ষীরা: জেলার তালায় মোটরসাইকেলের ধাক্কায় মনোরঞ্জন রায় (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোলাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় ওই গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজহার মিয়া (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজহার লরির হেলপার ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।










