নওগাঁর পত্নীতলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পূর্ব পাখিচড়া গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম স্বাধীন হোসেন (২৫)। তিনি পত্নীতলা উপজেলার ডোহানগর গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। আহত দুইজন হলেন বাবুলাল মুর্মু (৫৬) ও ফুলমনি (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা ওই ফসলের মাঠে কাজ করছিলেন। এ সময় স্বাধীন হোসেন ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। ৯টার দিকে বৃষ্টি শুরু হলে সবাই পাশের একটি টিনের ঘরে আশ্রয় নেন। সাড়ে ৯টার দিকে আকস্মিক বজ্রপাত এসে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই স্বাধীন মারা যান। এ সময় আহত বাবুলাল ও ফুলমনিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা এখনো চিকিৎসাধীন।










