ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দ্বারপ্রান্তে ম্যানচেস্টার সিটি। যদিও সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে আর্সেনাল। শিরোপা রেসে থাকা ওই দুটি দলকে ধরা বাকিদের পক্ষে আর সম্ভব নয়। তবে গৌরব করার মতো কিছু অর্জনের তো আছেই। বড় বড় দলকে পেছনে ফেলে মাঝারি মানের দল নিউক্যাসেল ইউনাইটেড এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জাগিয়েছে। 

৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৯ পয়েন্ট। ম্যানইউ (৩৫ ম্যাচে ৬৬) ও লিভারপুলও (৩৬ ম্যাচে ৬৫) রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ার রেসে। যদিও ম্যানইউ ও লিভারপুলের চেয়ে এগিয়ে নিউক্যাসেল। তারা আর একটি জয় পেলেই শীর্ষ চারে থাকা নিশ্চিত করবে এবং পেয়ে যাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড অ্যালবিওন হোভকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কাছাকাছি পৌঁছে যায় নিউক্যাসেল। যদিও নিউক্যাসেল কোচ এডি হাউই এখনই উদযাপন শুরু করতে চান না। তার দল টিকিট নিশ্চিত করতে পারলে তবেই তিনি খানিকটা ‘‌মজা’ করবেন বলে জানালেন। ব্রাইটনকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের কাছাকাছি নিউক্যাসেল।

 ২০০৩-০৪ মৌসুমে বাছাই পর্ব থেকে বিদায় নেয়ার পর আর চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়নি ম্যাগপাইদের। ম্যানইউর চেয়ে তিন ও লিভারপুলের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। একটি জয় তাদের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট এনে দেবে। আবার ম্যানইউ ও লিভারপুল হোঁচট খেলে না জিতেও ইউরোপের শীর্ষ লিগে যেতে পারে নিউক্যাসেল।