সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের নীলবাড়ীয়া বনাঞ্চলের একটি খালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাকড়া আহরণের সময় দুই জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় অর্ধশতাধিক কাকড়া ধরার চারু ও তিনটি ডিঙি নৌকা জব্দ করা হয়। বর্তমানে সুন্দরবনে কাকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আটকরা হলেন মো. জুলমাত খান (৪৫) ও হালিম খান (৫০)। তারা বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটাখালী এলাকার বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় বলেন, নিয়মিত টহল চলাকালে নীলবাড়ীয়া বনাঞ্চলের বালির খালে অবৈধভাবে কাকড়া ধরার সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় অর্ধশতাধিক কাকড়া ধরার চারু, তিনটি ডিঙি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।










