যশোর বেনাপোল থেকে মোংলাগামী বেতনা কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় এক ঘণ্টা খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। সোমবার (১৪ এপ্রিল) ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগিটি প্রথম‌‌ ট্র্যাকে রেখে দ্বিতীয় ট্র্যাক চালু করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মোংলাগামী বেতনা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিংয়ে শেষের বগিটি লাইনচ্যুত হয়। তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি।

যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান,‌ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্র্যাকে ঠেলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ট্র্যাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়।