চাঁদা না দেয়ায় হামলার শিকার হয়ে পা হারানোর অভিযোগ করেছেন গাজীপুরের গাছা থানার নির্মাণসামগ্রী ব্যবসায়ী ও কৃষক দলের ৩৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াসিম ও তার পরিবার এ অভিযোগ করেন।

তাদের দাবি, গত ২৩ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে একদল তরুণ ধারালো অস্ত্র, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে ওয়াসিমের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে তার একটি পা কেটে ফেলতে হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চাঁদা না দেয়ায় এ হামলা চালানো হয় এবং এর নেপথ্যে ছিলেন গজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান। যদি ওই হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলাকারীদের বিচার দাবি করেন এস এম মোমিনুর রহমান নিজেই। ওয়াসিম জানান, হামলার পর পরিবার থানায় গিয়ে কোনো সহায়তা পায়নি। পরে ৮ এপ্রিল আদালতে মামলা করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ওয়াসিম প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেন। তার স্ত্রী মুন্নি আক্তার বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি অক্ষম হয়ে পড়ায় তারা চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছেন।

তিনি অভিযোগ করেন, এলাকায় প্রভাবশালী একটি চক্র চাঁদাবাজি ও দখলসহ নানা অপরাধে জড়িত এবং তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। পরিবারটির দাবি, দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।