মরক্কোর রাজধানী রাবাতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা বলেন, সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে এবং সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

আজ বুধবার দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মরক্কোর বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। দূতাবাসের কাউন্সেলর রাজীব ত্রিপুরা পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রযোজিত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক দুটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাষ্ট্রদূত জুলাই ও আগস্ট ২০২৪ সালে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের অবদান স্মরণ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে অঙ্গীকারাবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মরক্কোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী, মরক্কোসহ বিভিন্ন দেশের নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।