ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘উন্নত শিক্ষা, আধুনিক কৃষি ও কার্যকর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে, যা ভবিষ্যতে দেশের অন্যান্য উপজেলার জন্য অনুসরণীয় হয়ে উঠবে।’

গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর থেকে উজানচর বাজার পর্যন্ত গণসংযোগ, পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে তিনি মাথাল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদাসহ গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতারা।

পথসভায় জোটের এ প্রার্থী বলেন, ‘দেশের টেকসই উন্নয়নে শিক্ষা ও যোগাযোগ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় এবং মানসম্মত শিক্ষা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ উন্নত হলে ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।’