ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল সেবা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক মো. মাহমুদুল হাসান। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে গুলশানে ডিএনসিসি নগর ভবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের কাছে ছাত্র-জনতার যে প্রত্যাশা সেটি পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করব। ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার পরিসর বৃদ্ধি কর‍তে পদক্ষেপ নেয়া হবে।

এ সময় ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে উল্লেখ করে তিনি বলেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে। খালের ময়লা পরিষ্কার করে ও অবৈধ দখলমুক্ত করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য সকল নৈমিত্তিক সেবাগুলো অব্যাহত রাখা হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসির কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়ে এখনো সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়টি চূড়ান্ত হবে।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়মিতভাবেই নীরিক্ষা কার্যক্রমের আওতায় চলে আসে। তাই যেকোনো অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে বিধি অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. মাহমুদুল হাসান। তিনি সরকারের একজন অতিরিক্ত সচিব। প্রশাসক হিসেবে যোগদান করে তিনি ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ডিএনসিসির সার্বিক কার্যক্রম বিষয়ে সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএনসিসির এই প্রশাসক।