পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা উপেক্ষা করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বাংলা ব্লকেডের অংশ হিসেবে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ( ১১ জুলাই) আন্দোলনে নামে তারা। 

এর আগে বেলা সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করার নির্দেশনা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। 

কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা রাস্তায় নামে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হল থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলন স্থলে যোগ দেয় ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাদের হাতে কোটা বিরোধী নানা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায় এসময়। 

বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য সুজয় শুভ জানান, আমাদের যৌক্তিক দাবি আদায়ে শত বাধা উপেক্ষা করে হলেও আমরা মাঠে থাকব। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। 

সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিগত দিনেও নানা যৌক্তিক সংগ্রাম - আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কিন্তু আজ যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ সদস্যরা নগ্ন হস্তক্ষেপ করলো তা নজিরবিহীন। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া বলেন, ‘মহাসড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছিলাম।