কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় শহরের বাস টার্মিনাল এলাকার কাদির অ্যান্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
পরে মিছিলটি পলাশ পাড়া মোড় হয়ে ইউটার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এর পর তারা বাস টার্মিনাল এলাকার আর রহমান তেলের পাম্পের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের চারপাশ দিয়ে ঘিরে রাখে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন আইনজীবী। এ সময় ভুয়া ভুয়া স্লোগানসহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।










