ঝড়ের কবলে পড়ে চাঁদপুর-ঢাকা নৌপথের মেঘনা নদীতে পৃথক স্থানে চারটি লঞ্চ চরে আটকা পড়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকাগামী ও চাঁদপুরগামী আল-বোরাক, সোনার তরী ও বোগদাদিয়াসহ চারটি লঞ্চ চরে আটকা পড়ে।
এদিকে ঝড়ের কবলে পড়ে চারটি লঞ্চের সহস্রাধিক যাত্রী চরম আতঙ্কে পড়েন। এর আগে বিকালে ঢাকাগামী অগ্রদূত লঞ্চটি মুন্সিগঞ্জের নিরাপদ স্থানে রাখা হয়। পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান যাত্রী, ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজুল হক।
অপরদিকে চাঁদপুরগামী আল-বোরাকের যাত্রী অ্যাডভোকেট বদরুল আলম বলেন, হঠাৎ ঝড়ে লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে মতলবের ষাটনল এলাকার একটি চরে আটকা পড়ে। কর্তৃপক্ষ লঞ্চটি চর থেকে নামানোর চেষ্টা করছে—এ রিপোর্ট লেখা পর্যন্ত এমনটাই জানা যায়।
চাঁদপুর লঞ্চঘাটের কর্মকর্তা মো. জামান বলেন, ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর চারটি পৃথক স্থানে যাত্রীবাহী চারটি লঞ্চ আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর দুটি লঞ্চ চর থেকে নামিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বাকি দুটি লঞ্চ এখনো আটকা রয়েছে।










