পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বুড়িগঙ্গা, তুরাগ ও বালুসহ গুরুত্বপূর্ণ নদীগুলোর জন্য নিম্ন ব্যয়ের নদী দূষণমুক্তকরণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে। এছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নেও সহায়তা করবে এডিবি।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে এক বৈঠকে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সুরক্ষা কার্যক্রমে বেসরকারি খাত ও যুবসমাজকে যুক্ত করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উল্লেখ করেন এবং পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় এডিবির সহায়তা চান।

সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে বিভিন্ন পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত প্রকল্পে এডিবির চলমান সহায়তার জন্য তাদের প্রশংসা করেন।

এডিমন গিন্টিং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য এডিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে নদী পরিষ্কারের প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দেন এবং তাদের উদ্যোগগুলো সম্প্রসারণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসানকে আগামী ১৭-১৮ সেপ্টেম্বর ফিলিপাইনসের এডিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাইমেট অ্যাডাপ্টেশন ইনভেস্টমেন্ট প্ল্যানিং ফোরামে উচ্চ পর্যায়ের সেশনে বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান এডিমন গিন্টিং।