চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী আবুল বাশার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি বাসার সিলিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আবুল বাশার বিটিএল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এই গ্রুপের বিরুদ্ধেও প্রতারণা ও অর্থ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। গত কোরবানির ঈদের আগে একটি অ্যাগ্রো খামার থেকে ৮টি গরু নিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক দিলেও সেটি বাউন্স করে।

গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া, রাজধানীর বিভিন্ন থানায় আবুল বাশারের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। আজকেই তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান উল্লেখ করেন, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। সর্বশেষ তার অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। শনিবার সকালে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত বছরের অক্টোবরেও তাকে গ্রেফতার করেছিল পুলিশ।