সুনামগঞ্জের দিরাইয়ে খাসজমি অবৈধভাবে দখল করা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শাহ মুল্লুক (৪৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটে। শাহ মুল্লুক নুরনগর গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামের ফিরোজ আলীর সঙ্গে একই গ্রামের আবুল ফজল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল ফিরোজ আলীর লোকজন খাসজমি অবৈধভাবে দখল করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ সময় শাহ মুল্লুক ঘটনাস্থলে নিহত হন। তিনি আবুল ফজলের পক্ষের লোক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই এলাকায় সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। তাত্ক্ষণিকভাবে আহতদের সবার পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের বেশকিছু লোক আহত হয়েছে।










