তিন বছর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে কুমিল্লার বাঙ্গারা বাজার থানা
স্বেচ্ছাসেবক লীগ নেতার করা মামলায় অব্যাহতি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র
সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার
ট্রাইব্যুনাল বিচারক জহিরুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লার
বাঙ্গরা বাজার থানার এক স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিয়ার দায়ের করা মামলায় আসামি
নুরুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল বুধবার। শুনানি শেষে আসামির বিরুদ্ধে
অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় আদালত আসামি নুরুল হককে মামলা থেকে অব্যাহতি
দেন। শুনানিকালে বাদী ও আসামি কেউ উপস্থিত ছিলেন না।
কুমিল্লার বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল
মিয়া ২০২১ সালের ২৫ এপ্রিল নুরুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।










