দেশে ক্যান্সার চিকিৎসাসেবা আরো সহজলভ্য ও বিস্তৃত করতে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এতে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় কম খরচে চিকিৎসাসেবা নেয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে ঢাকায় চিকিৎসার জন্য রোগীদের চাপও কমবে।

ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে দেশে রোবটের মাধ্যমে অস্ত্রোপচারের সুবিধা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় ১০টি মেশিনের মধ্যে পাঁচটি চলতি বছর আনার পরিকল্পনা রয়েছে।

পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং ডেঙ্গু-পরবর্তী হৃদ্‌যন্ত্রের জটিলতার বিষয়টি বিবেচনায় চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।