দুই বছর আগে নানা অভিযোগের কারণে মালিকদের থেকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নেয়া দুই হাতিকে আবার মালিকদের কাছে ফেরত দিয়েছে বন বিভাগ। নির্যাতন না করা, হাতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা না তোলাসহ কয়েকটি শর্তে ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের হাতি দুটি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, গত ১২ আগস্ট গাজীপুর সাফারি পার্ক থেকে হাতি দুটি মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়। সম্রাটকে তার মালিক মনির মিয়া এবং নিহারকলিকে আব্দুল মজিদ বুঝে নেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে হত্যার পর সম্রাটকে উদ্ধার করা হয়। পরে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে নেয়া হয়।

অন্যদিকে, একই বছরের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে নিহারকলিকে উদ্ধার করা হয়। হাতিটি দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলা ও নির্যাতনের অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাতি দুটিকে মালিকদের কাছ থেকে উদ্ধার করে সাফারি পার্কে রাখা হয়েছিল।

সম্রাটের মালিক মনির মিয়া বলেন, সাফারি পার্ক থেকে হাতিটি নিয়ে বর্তমানে মৌলভীবাজার এলাকায় রাখা হয়েছে। সেখানে নিজ দায়িত্বে হাতিটির লালন-পালন করা হবে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, হাতির মালিকরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বন বিভাগের কাছে আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের পর হাতি দুটি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় মালিকদের আর্থিক সক্ষমতাও যাচাই করা হয়েছে। এছাড়া হাতি দুটির মালিকদের কাছ থেকে জিম্মানামা ও মুচলেকা নেয়া হয়েছে।